নোয়াখালীর সেনবাগ উপজেলা ছমির মুন্সিরহাট বাজারে রোববার ভোরে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাজারে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে- রাজু ইলেকট্রিক, মাহিম কনফেশনারী, মা কুলিং কর্ণার, খান টেলিকম ও আল মদিনা মেডিকেল হল। এসময় হাবিব হোটেল এন্ড রেস্টুরেন্ট আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দীর্ঘ দুইঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্ত ততক্ষণে ওই পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনের ভয়াবহতা দেখে মা কুলিং কর্ণারের মালিক জাকের হোসেন সংজ্ঞা হারিয়ে ফেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন থেকে সেনবাগে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি করে এলেও আজ পর্যন্ত ফায়ার সার্ভিস স্টেশনটি স্থাপিত হয়নি। যাদি সেনবাগে ফায়ার স্টেশন থাকতো তাহলে ক্ষয়িক্ষতি আরো কম হতো। অভিলম্বে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান তারা।