টাঙ্গাইলের র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে ‘কুখ্যাত’ এক মাদক ব্যবসায়ী। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কালিহাতী উপজেলায় গোলড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম রুহুল ওরফে কাইল্লা রুহুল (৩০)। তিনি উপজেলার পশ্চিম গোলড়ার আব্দুল গনির ছেলে। এু সময় র‌্যাবের দুই সদস্য আহত হন এবং ঘটনাস্থল থেকে ইয়াবা, হেরোইন ও অস্ত্র উদ্ধারের দাবি করেছে র‌্যাব। আহত দুই র‌্যাব সদস্য হলেনÑ এসআই বাতেন এবং হাবিলদার কাশেম। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার গোলড়া এলাকায় অভিযান চালালে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টাগুলি চালায়। এ সময় এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হলে অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে।