ঘাতক ট্রাকের চাপায় প্রাণ অকালেই প্রাণ ঝরে গেল নাসিরনগরের স্কুলছাত্র পঙ্কজ মন্ডলের (১০)। সে উপজেলার ফান্দাউক ইউনিয়নের উত্তর সিংহগ্রামের রবীন্দ্র মন্ডলের ছেলে এবং উত্তর সিংহগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
জানা যায়, রোববার সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রতনপুর ওভারব্রিজ পাড় হবার সময় হঠাৎ পণ্যবোঝাই একটি ট্রাক পিছন থেকে পংকজকে চাপা দিলে গুরতর আহত অবস্থায় তাকে মাধবপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় জনতা ট্রাকটি আটক করে মাধবপুর থানায় হস্তান্তর করেছে।
নিহত পঙ্কজের পারিবারিক সূত্র জানায়, পঙ্কজ মন্ডল তার পরিবারের লোকদের সাথে শ্রীমঙ্গলে তার মাসির বাড়িতে বেড়াতে যাচ্ছিল। তারা মাধবপুর উপজেলার রতনপুর এস মহাসড়কের অপর প্রান্তে শ্রীমঙ্গলের বাসে উঠার উদ্দেশ্যে ওভারব্রিজে উঠতে যাওয়ার সময় এ দূর্ঘনা ঘটে। আর বেড়াতে যাওয়া হয়নি, ছেলের লাশ নিয়ে ঘরে ফিরলেন পঙ্কজের শোকাহত মা, বাবা।
এ ব্যাপারে উত্তর সিংহগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক চিত্তরঞ্জন সরকার জানান, পংকজ আমার স্কুলের একজন মেধাবী ছাত্র ছিল। তার এই অকাল মৃত্যুতে আমরা শোকাহত।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. আবু জাফর বলেন, দূর্ঘটনাটি মাধবপুর থানায় ঘটেছে। তাই সংশ্লিষ্ট থানাই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।