বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, এই সরকার গণতন্ত্র হত্যা করেছে। আমাদের সামনে এখন একটিই পথ, সেটি হলো রাজপথ। রাজপথ ছাড়া খালেদা জিয়ার মুক্তি আদায়ের আর কোন পথ নেই। রাজপথে আন্দোলন করেই বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করে আনবো ইনশাআল্লাহ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী ও বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্বাস্থ্য কামনায় রোববার বিকেলে ফরিদুরের সদরপুর উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শহজাদা মিয়া একথা বলেন।

খালেদা জিয়াকে বাইরে রেখে এবং শেখ হাসিনার অধীনে দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না বলে হুশিয়ারি দেন জেলা বিএনপির এই প্রবীণ নেতা।

শাহজাদা মিয়া আরো বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকলে কি হয় তা আজ দেশবাসী হাড়ে হাড়ে টের পাচ্ছে। সময় এসেছে এখন সবাইকে একসাথে প্রতিরোধ গড়ে তোলার। এই সরকারের জুলুম নির্যাতরে বিরুদ্ধে এখনই সবাইকে সোচ্চার হতে হবে। রাজপথের তীব্র গণআন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে আমরা কারামুক্ত করে আনবো। নির্যাতিত জনগণ আজ এই সরকারের জুলুম নির্যাতন থেকে মুক্তি চায়।

তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরলে এই দেশের মাটিতে আওয়ামী লীগের কোন অস্তিত্ব থাকবে না। মানুষ খুন করে আজীবন ক্ষমতায় থাকা যাবে না। হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে। একের পর এক মায়ের কোল খালি হচ্ছে। অবুঝ সন্তানের সামনে হত্যা করা হচ্ছে পিতাকে। আইনের উপর নগ্ন হস্তক্ষেপ করা হচ্ছে। যতোই প্রপাগান্ডা করেননা কেনো এভাবে ক্ষমতায় থাকা যাবে না। এইভাবে একটি দেশ খুব বেশি দিন চলবে না।

সদরপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সদরপুর উপজেলা জেলা বিএনপির সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়া খায়রুল আনাম, যুব বিষয়ক সহ-সম্পাদক মনিরুল হক মনির, বিএনপি নেতা মাসুম দেওয়ান, সদরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুতজামান, সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর, জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ।