আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম সোমবার ৪টি দোয়া মাহফিলে আলোচনা করেন। মহানগর আওয়ামী লীগ ১০, ৪৪ এবং ৪৭ নম্বর ওয়ার্ডে এসব আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এবং মহানগর সভাপতি মোঃ আজমত উল্লাহ খান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
মহানগরের ১০ নম্বর ওয়ার্ড কোনাবাড়ি আমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার পূর্ব আলোচনায় মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আক্কাছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ হবে মাদক ও দূর্ণীতিমুক্ত উন্নত দেশ। আওয়ামী লীগের তরুণ প্রজন্মের নেতা শেখ হাসিনার আদরের জাহাঙ্গীরের নেতৃত্বে গাজীপুর সিটি কর্পোরেশন হবে মাদক মুক্ত, দূর্ণীতি মুক্ত এবং উন্নত। তিনি উপস্থিত মুসল্লিদের আগামী নির্বাচনে জাহাঙ্গীরকে সমর্থনের আহ্বান জানান।

এছাড়া কাউন্সিলর মোঃ মাজহারুল ইসলাম দীপুর সভাপতিত্বে ৪৪ নম্বর ওয়ার্ড গোপালপুর পূর্ব পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনায় জাহাঙ্গীর আলম বলেন, তিনি গ্রীন সিটি ক্লিন সিটি গড়ে তুলতে চান। তিনি মনে করেন জলাবদ্ধতা, যানজট, শিশুদের জন্য বিনোদন পার্ক, শ্রমিকদের আবাসন সমস্যা, তুরাগ দূষণ, সরু এবং ভাঙাচুরা রাস্তা, অডিটরিয়াম না থাকা টঙ্গীর প্রধান প্রধান সমস্যা। তিনি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যা সমাধানে উদ্যোগী হবেন। একইসাথে সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম স্বচ্ছ ও দূর্নীতিমুক্ত রাখবেন। তিনি আগামী ২৬ জুন নির্বাচনে নৌকার পক্ষে সকলের সমর্থন ও সহযোগীতা চান।

এর আগে জাহাঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড মরকুন কবরস্থান মসজিদ প্রাঙ্গণে এবং টঙ্গী কলেজ গেট এলাকায় মাইক্রোবাস মালিক সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে মুসল্লিদের কাছে দোয়া চান। এসময় অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগ নেতা মোঃ নাদের আলী, মোঃ আসাদুল্লাহ, মোঃ শরবেশ আলী, আঃ রহমান মাষ্টার, মোঃ খলিলুর রহমান, কাজী ইলিয়াস আহমেদ, মোঃ জয়নাল আবেদীন, মোঃ ফজলুল হক, মোঃ রজব আলী, মোঃ মতিউর রহমান মতি, কাউন্সিলর মোঃ আসাদুর রহমান কিরন, মোঃ হেলাল উদ্দিন, আজমেরী খান টুটুল, আব্দুল মান্নান, সরকার নজরুল ইসলাম বিপ্লব, সরকার জাহিদুল ইসলাম টিপু, আরিফ মোঃ আজিজ মার্শেল, নাসির উদ্দিন, মোঃ আফজাল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।