চাঁদপুরের পুরানবাজারে পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' ইউনুস নামের এক মাদককারবারি নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে পুরানবাজারের পূর্ব শ্রীরাদী এলাকায় বালুর মাঠে এ ঘটনা ঘটে। এসময় পুলিশের পাঁচ সদস্য আহত হন।

মাদককারবারি ইউনুস পুরানবাজারের মধ্য শ্রীরামদী এলাকার মৃত আব্দুল মজিদ মিজির ছেলে। তার বিরুদ্ধে চাঁদপুরসহ বিভিন্ন থানায় আটটি মাদক মামলা রয়েছে।

অভিযানের সময় পুলিশ ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি, চারটি কার্তুজের খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের একটি বড় চালানের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মডেল থানার একটি টহল দল। এসময় বালুর মাঠের অন্ধকার থেকে মাদককারবারিরা পুলিশের উপর হামলা ও গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয় মাদক কারবারি ইউনুস। আহত অবস্থায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।