মতলব উত্তর উপজেলায় অপহরনের ৫ দিন পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৯ টায় সাদুল্যাপুর ইউনিয়নের আমিয়াপুর স্ট্রীল ব্রিজের নিচে থেকে পুলিশ শিশু তানজিলার লাশ উদ্ধার করেন।
এলাকাবাসী ও মতলব উত্তর থানা পুলিশসূত্রে জানা গেছে, গত ১ জুন ষাটনল ইউনিয়নের ছটাকী গ্রামের হারুনুর রশিদের মেয়ে তানজিলা আক্তার (৫) নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে গত ৪ জুন তানজিলার বাবা হারুনুর রশিদ একই বাড়ীর মোটর সাইকেল চালক পার্কা আমান (৩৫) কে আসামী করে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ পার্কা আমান কে গ্রেফতার করে। এরপর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।
থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী জানান, গত মঙ্গলবার রাত ৯ টায় সাদুল্যাপুর ইউনিয়নের আমিয়াপুর স্ট্রীল ব্রিজের নিচে থেকে শিশু তানজিলার লাশ উদ্ধার করে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হক কামাল জানান, শিশু তানজিলার লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে বলেও জানান ওসি।





