চাঁদপুরে কলেজ অধ্যক্ষ ও মহিলা আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিন সুলাতান ফেন্সি খুনের ঘটনায় প্রধান আসামী অ্যাডভোকেট জহিরুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বৃহস্পতিবার মামলার প্রধান আসামী ও নিহতের স্বামী গ্রেফতারকৃত অ্যডভোকেট জহিরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা আদালতে উভয় আসামীর ৫ দিন করে রিমান্ডের আবেদন করলেও বিচারক প্রধান আসামীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামমলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন জানান, ৫ দিনের রিমান্ডের আবেদন করলেও আদালত প্রধান আসামীর দুই দিনের মঞ্জুর করেন। বর্তমানে উভয় আসামী জেলা কারাগারে রয়েছেন।
অপরদিকে বুধবার নিহত শাহিন সুলতানা ফেন্সির প্রথম নামাজে জানাযা বাদ আছর শহরের ১৩নং ওয়ার্ড বাহের খলিশাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাযায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওসমান গণি পাটওয়ারীসহ আওয়ামী লীগ এর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী অংশ গ্রহন করেন। রাত ১০টায় (তারাবীহর নামাজের পর) মৈশাদী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ওই স্কুল সংলগ্ন মৈশাদী খান বাড়ির (নিহত ফেন্সিদের পুরাণ বাড়ি) পরিবারিক কবরস্থানে তাঁর মরহুম বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।
গত সোমবার (৪ জুন) দিনগত রাত ১০টার দিকে শহরের ষোলঘর পাকা মসজিদের দক্ষিণ পাশে নিজ বাসভবনে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে খুন হন শাহিন সুলতানা ফেন্সি। ঘটনার পরেই তার স্বামী অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও সতিন জুলেখা বেগমকে পুলিশ আটক করেন। মঙ্গলবার (৫জুন) বিকেলে নিহতের ছোট ভাই ফোরকান উদ্দিন খান চারজনকে আসামী করে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন। ফেন্সি জেলার ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন।





