চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের চরফতেজংপুর এলাকায় মেঘনা নদীতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় ৯ জেলে গুরুতর আহত হয়েছেন। এসময় ১০টি মোবাইল ও নগদ অর্থ লুট করে নিয়েছে ডাকাতরা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় চরফতেজংপুর এলাকার পুর্বে পাশে হরিণা ঘাট বরাবর ৪ নৌকায় আসা ৪০ জনের ডাকাত দল এই ঘটনা ঘটায়। আহত জেলেরা হচ্ছেন: চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের আলুর বাজার এলাকার আবল কালাম (৩৮), শাহাদাত গাজী (২৬), বিল্লাল শেখ (৪০), আবু সাঈদ (১৮), কালু শেখ (৪৫), মনসুর খান (৩৭), নাজির গাজী (২৮), মো. তারেক রহমান (৩৩) ও নেছার আহমেদ পাটওয়ারী (৪০)।
আহতদের মধ্যে বিল্লাল শেখ জানান, ভোরেই মাছ ধরতে নদীতে নামেন তারা। বড় একটি নৌকায় ১৫ জন জেলে ছিলেন। মাছ বিক্রির পর দুপুরে গন্তব্যে যাওয়ার সময় ডাকাতরা তাদের নৌকায় হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে কুপিযে আহত করেন এবং তাদের সাথে থাকা নগদ অর্থ ও ১০টি মোবাইল সেট নিয়ে নেন। তারা চিৎকার করলে আশপাশের জেলেরা এসে উদ্ধার করে দুপুর আড়াইটায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করান।
আহত শাহাদাত গাজী জানান, ডাকাত দলের মধ্যে একজন নৌকার মালিক ইব্রাহীম গাজী এবং মো. মাসুদ তার পরিচিত। তাদের বাড়ী সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ঘাট এলাকায়।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব জানান, সংবাদ পেয়ে হাসপাতালে আহতদের সাথে কথা বলেছি। আহত জেলেরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত জেলেদের দেখতে ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম খান ও হানারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছাত্তার রাঢ়ী হাসপাতালে এসেছেন। তারা ঘটনার বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন।





