কুমিল্লায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। তার নাম মোঃ সুমন (৩৫)। তিনি দেবিদ্বার উপজেলার কুরুইন গ্রামের হাবিবুর রহমানের ছেলে। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে দেবিদ্বার-চান্দিনা সড়কের ছেচরাপুকুরিয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত সুমন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে দেবিদ্বার, চান্দিনা, দাউদকান্দিসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ আরো অন্যান্য অভিযোগে ১৮টি মামলা রয়েছে।

দেবিদ্বার থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, একদল ডাকাত দেবিদ্বার-চান্দিনা সড়কের ছেচরাপুকুরিয়া এলাকার রাস্তার মাথায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে ডাকাতদের আটকের চেষ্টা করে। এসময় সশস্ত্র ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় ১৯ রাউন্ড শর্টগানের গুলি চালায়। উভয়পক্ষের গুলিবিনিময়ের সময় নিজেদের (ডাকাত) গুলিতেই সুমন গুরুতর আহত হয় বলে দাবি করেন ওসি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

অভিযানের সময় থানার এসআই আসাদ, এএসআই ইনতাজ ও কং মনির আহত হয়েছেন বলেও জানান ওসি মোঃ মিজানুর রহমান। পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড কার্তুজসহ একটি পাইপগান, কয়েকটি মুখোঁশ, ছোরা ও শাবল উদ্ধার করেছে।