ডলার এনডোর্স সংক্রান্ত জটিলতা নিরসনে ভারত ও বাংলাদেশের কাস্টমস ও ইমিগ্রেশন পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে। শনিবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশন কাস্টমস অফিসে প্রায় এক ঘন্টা এ বৈঠক চলে। বৈঠকে বাংলাদেশের ৩ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে সাময়িক সময়ের জন্য ডলার এনডোর্সমেন্ট এবং ডলার সঙ্গে রাখার বিষয়টি শিথিল করার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
গত কয়েকদিন ধরে আগরতলা কাস্টমস কর্তৃপক্ষ ডলার এনডোর্স না থাকায় ভারতগমণকারী যাত্রীদের ফিরিয়ে দিচ্ছেন। আগরতলা কাস্টমস্ এর হঠাৎ এই রকম সিদ্ধান্তে বাংলাদেশী যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ পিয়ার আহমেদ বিষয়টি নিশ্চিৎ করেছেন।
জানা গেছে, হঠাৎ করে গত ২১ জুন থেকে ত্রিপুরার আগরতলা কাস্টমস কর্তৃপক্ষ ভারত গমনকারী এদেশের যাত্রীদের পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট এবং সাথে নগদ ডলার না থাকায় তাদের আবার নিজ দেশে ফেরত পাচ্ছেন। বিষয়টি আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষের নজরে আসলে আগরতলাস্থ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার মহোদয়কে মোবাইল ফোনে জানানো হয়েছে। পাশাপাশি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে। এরপরই তাদের ডাক পরে ওপারের আগরতলা কাস্টমস থেকে। সৃষ্ট জটিলতা নিয়ে কথা বলতে যান আখাউড়া স্থলবন্দর কাস্টম্স এর কাষ্টমস কর্মকর্তা শ্যামল কুমার রায়, ইমিগ্রেশন ইনচার্জ পিয়ার আহমেদ ও অন্য একজন কর্মকর্তা।
এ বিষয়ে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ পিয়ার আহমেদ জানান, আমরা বলেছি সৃষ্ট জটিলতা নিরসন করে উভয় দেশের যাত্রী চলাচলে ভারতের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য। আগরতলা কাস্টম্স এর কর্মকর্তারা আমাদেরকে আশ্বস্ত করেছে বিষয়টি সমাধানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করবে। তবে সাময়িক সময়ের জন্য ডলার এনডোর্সমেন্ট এবং ডলার সঙ্গে রাখার বিষয়টি শিথিল করার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।