ময়মনসিংহ শহরতলীর শম্ভুগঞ্জের মোদারপুরে ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত হয়। এরপর এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা ময়মনসিংহ-নেত্রকোনা সড়ক ৩ ঘণ্টা অবরোধ করে রাখে। পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে স্কুলের সামনে স্পীড ব্রেকার স্থাপনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি ট্রাক দুপুর সাড়ে ১২টার দিকে শম্ভুগঞ্জের মোদারপুরে রাস্তা পার হওয়ার সময় মোদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী ত্বন্নীকে (৯) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে স্কুল থেকে বাড়ি ফিরছিল। তিনি একই এলাকার মনসুর আলীর কন্যা। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী ও সহপাঠীরা স্কুলের সামনে স্পীড ব্রেকার স্থাপনের দাবিতে ময়মনসিংহ-নেত্রকোনা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ট্রাকটি আটক করেছে বলেও জানান তিনি।