ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধ ও গাছ কেটে নেয়ার জেরে রেজিয়া খাতুন নামে এক মহিলা ইউপি সদস্যকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় মডেল থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

জানা যায়, উপজেলার ৪ নম্বর ধীতপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের তিনবারের সদস্য উপজেলার ধলিয়া গ্রামের ব্যবসায়ী আবুল কালামের স্ত্রী রেজিয়া খাতুনের সাথে দীর্ঘদিন ধরে ২১ শতাংশ জমি নিয়ে প্রতিবেশি মোফাজ্জল হোসেন ফকিরের বিরোধ চলে আসছিল।

এ ঘটনার সূত্রধরে রেজিয়া খাতুনের দখলীয় জমি থেকে দিনদুপুরে দলবল নিয়ে গাছ কেটে নেয়া হয় ফাজ্জল হোসেন ফকির। এ নিয়ে আদালতের এক মামলায় সম্প্রতি প্রতিপক্ষ মোফাজ্জল হোসেন ফকির, ছেলে মেহেদী ফকির ও আমিত হাসান ফকিরের এক বছর করে কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের সাজা প্রদান করা হয়। পরে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে তারা জামিনে ছাড়া পায়।

ইউপি সদস্যা রেজিয়া খাতুন জানান, প্রতিপক্ষরা জামিনে এসে আমাকে ভয়ভীতিসহ মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে আসছে। মামলা প্রত্যাহার না করলে বাড়িতে আগুন দিবে। এমনকি বাড়িতে হিরোইন, ইয়াবা, গাঁজা রেখে মামলা দিয়ে আমার পরিবারকে এলাকা ছাড়া করবে বলে হুমকি দেয়।

অভিযুক্ত মোফাজ্জল হোসেন জানান, যখন বিরোধ সৃষ্টি হয়, তখন প্রতিপক্ষের বিরুদ্ধে অনেই অভিযোগই করতে পারেন। আমরা জামিনে এসে বিষয়টির নিস্পত্তির ব্যাপারে অনেক চেষ্টা করেছি। তবে আমাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয়।

এ ব্যাপারে জানমালের নিরাপত্তা চেয়ে ইউপি সদস্যা রেজিয়া খাতুন বাদি হয়ে ভালুকা মডেল থানায় সাধারণ ডায়েরী (নম্বর-১১৮০) করেছেন।