জামালপুরের ইসলামপুরে আবু বক্কর নুরী (৫০) নামের এক ভাড়ায় মটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে ইসলামপুর থানা পুলিশ উপজেলার গাইবান্ধা ইউনিয়নের টুংরাপাড়ার একটি সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে।

পুলিশ সূত্র জানায়, নিহত নুরী মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী বহন করত। নিহতের স্বজনদের ধারণা, সোমবার সন্ধ্যায় সে বকসীগঞ্জ থেকে যাত্রী নিয়ে ইসলামপুর এসেছিল। নুরী বকসীগঞ্জ উপজেলার মালীর চর গ্রামের মৃত হাজী সদর উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, এলাকাবাসী রাস্তার পাশে একটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনালের হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশের ধারণা, দুস্কৃতিকারীরা নুরীকে হত্যা করে মটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে গেছে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান জানান, পুলিশ নুরীর মটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ইসলামপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।