ময়মনসিংহ ডিবি পুলিশ ভালুকা মডেল থানা পুলিশের যৌথ অভিযানে বুধবার ভোররাতে ভালুকা উপজেলার হবিরবাড়ির এলাকার খন্দকার পাড়ায় ‘বন্দুকযুদ্ধে’ জালাল উদ্দিন (৩৫) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। এ সময় জেলা ডিবি পুলিশের এএসআই জুয়েল ও কনস্টেবল ফজলুল হক গুরতর আহত হন।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো: মাজহারুল ইসলাম ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক কারবারি নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিরবাড়ি খন্দকার পাড়ায় মাদক কারবারিদের আস্তানায় থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও এলোপাথাড়ি গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। এ সময় উপজেলার রাজৈ ইউনিয়নের পাইলাব গ্রামের মোতালেব মিয়ার ছেলে মাদক কারবারি জালাল উদ্দিন গুলিতে আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষণা করেন।
ডিবি’র ওসি আশিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, চারটি গুলির খোসা, একটি বড় রামদা এবং মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ।





