জামালপুরের মেলান্দহে রাইস মিলের বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত এবং একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে জেলার মেলান্দহ উপজেলার বাঘাডোবা গ্রামে কেয়া অটো রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আব্দুল করিম (৩৫) ও মিন্টু শেখ (৩০)। গুরুতর আহত শ্রমিকের নাম শহিদুল ইসলাম। নিহত আব্দুল করিমের বাড়ি শেরপুর জেলার সজবর খিলা এলাকায় এবং মিন্টু শেখ জেলার মেলান্দহ উপজেলার লক্ষ্মিপুর গ্রামের নওশের আলীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল সোয়া ১০টার দিকে বিকট শব্দে কেয়া অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণ ঘটে। এসময় ওই রাইস মিলে কর্মরত শ্রমিক মিন্টু শেখ ও আব্দুল করিম ঘটনাস্থলেই মারা যান এবং কর্মরত শ্রমিক শহিদুল ইসলাম আহত হন। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করেছেন মেলান্দহ ফায়ার সার্ভিসের কর্মীরা। গুরুতর আহত অবস্থায় শহিদুল ইসলামকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে নিহত পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদানের আশ্বাস দিয়েছেন মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিন। এছাড়াও বয়লার বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে সাংবাদিকদের জানান তিনি।
এব্যাপারে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, এবিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।