জামালপুর পৌরসভার হরিপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে তীব্র ভাঙন প্রতিরোধে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং জামালপুর-ময়মনসিংহ সড়ক রক্ষার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় লোকজন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার হরিপুর এলাকায় জামালপুর-ময়মনসিংহ সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিল ফজলুল হক আকন্দ, স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন মুক্তা, ভাঙনে ক্ষতিগ্রস্ত শিউলী বেগম, বেনুয়ারা বেগম, আল আমিন রুবেল, ময়না আকন্দ, যুবলীগ নেতা মুখলেছুর রহমান, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান আকন্দ প্রমুখ।
বক্তারা বলেন, ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরঘেঁষা হরিপুর ও ছনকান্দা এলাকা থেকে অসংখ্য ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করেছে প্রভাবশালী মহল। এ কারণেই গত ১০ দিন ধরে হরিপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে ভাঙন শুরু হয়েছে। একই সাথে ভাঙন অব্যাহত থাকায় জামালপুর-ময়মনসিংহ সড়কের হরিপুর অংশ মারাত্মক ঝুঁকিতে রয়েছে এবং হুমকির মুখে রয়েছে হরিপুর ও ছনকান্দা এলাকার দুই শতাধিক পরিবার। এ পর্যন্ত পাঁচটি পরিবারের ১১টি ঘরসহ বসতভিটা ব্রহ্মপুত্র নদে বিলীন হয়েছে।
এদিকে ব্রহ্মপুত্র নদের ভাঙন প্রসঙ্গে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী বলেন, পৌরসভার হরিপুর ও ছনকান্দা এলাকায় ব্যাপকভাবে খননযন্ত্র বসিয়ে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন করার কারণে পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ভাঙন শুরু হয়েছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন হওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমরা এলাকাটি সরেজমিনে দেখেছি। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে।