ময়মনসিংহের গফরগাঁওয়ে পল্লীতে দুই সন্তানের জননী শারমীন আক্তার স্বামীর নির্যাতনে শিকার হয়ে রাগে অভিমানে নিজ বসতঘরে আত্নহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার যশরা গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

জানা যায়, উপজেলার যশরা ইউনিয়নের যশরা গ্রামের কামরুল ইসলামের দুই স্ত্রী শারমীন আক্তার ও মর্জিনা বেগম। প্রায়ই দ্বিতীয় বিয়ে নিয়ে স্বামীর সাথে ঝগড়া হতো শারমীনের। সোমবার রাতেও এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে স্বামী কামরুল ইসলাম স্ত্রী শারমীন আক্তারকে মারধর করে। পরদিন মঙ্গলবার সকালে সন্তানদের স্কুলে পাঠিয়ে নিজ বসতঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেন শারমীন। খবর পেয়ে গফরগাঁও থানার এস আই মাসুদ জামালী সঙ্গীয় র্ফোসসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।