ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন মাষ্টার হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে মঠবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ। সোমবার সকালে পোড়াবাড়ী বাজারে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক সাবেক সাংসদ আলহাজ্ব এডভোকেট রেজা আলী, জেলা আওয়মীলীগ নেতা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহাম্মদ হোসোন আকন্দ, পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক এএনএম শোভা মিয়া আকন্দ, এডভোকেট জিয়াউল হক সবুজ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আশরাফুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান লুৎফুন্নেসা বিউটি, নজরুল কলেজের সাবেক ভিপি আব্দুল মোতালেব, ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল, মঠবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সাহা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, নিহতের ছেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান মামুন। মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা হত্যার এক মাস পেড়িয়ে গেলেও পুলিশ কোন আসামী সনাক্ত করতে পারেনি। বক্তারা অনতিবিলম্বে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানান।
উল্লেখ্য, গত ৩ জুলাই দিবাগত রাতে মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাষ্টারকে গলা কেটে পুকুরে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।





