প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে সাজ্জাদ (২০) নামের এক যুবক। সুমাইয়া আক্তার সিনথি(১৪)নামের ওই মেয়েটি এখন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এসময় সিনথির ছোট ভাই কাউসারকেও পিটিয়ে জখম করে ওই যুবক। সিনথি ও তার ছোট ভাই কাউসার ময়মনসিংহ শহরের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।

রোববার রাতে সিনথির পিতা ফারুক আহমেদ অভিযোগ করেন, বাঘমারা এলাকার ইউসুফ মিয়ার বখাটে ছেলে সাজ্জাদ দীর্ঘ ধরে তার মেয়েকে উত্যক্ত করে আসছে। এদিন দুপুরে সিনথি প্রাইভেট পড়া শেষ করে বাসায় ফেরার পথে গলির সামনে ওৎ পেতে থাকা সাজ্জাদ সিনথির ওড়না ধরে টান দেয়। এসময় ছোট ভাই কাউসার আহমেদ বাঁধা দিলে তাকে বেধড়ক পেটায়। এ ব্যাপারে সিনথির বাবা সাজ্জাদের পিতার কাছে অভিযোগ করে ফেরার পথে সাজ্জাদ দুই হাতে দু’টি ছুরি নিয়ে পিছন দিকে সিনথিকে ছুরিকাঘাত করে দৌঁড়ে পালিয়ে যায়।

পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় সিনথিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসকরা সিনথিকে অস্ত্রোপাচারকালে কয়েক ব্যাগ রক্ত দিয়েছেন এবং ২০নং ওয়ার্ডে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানান সার্জারি ইউনিট-২ এর সহকারি অধ্যাপক ডা. মনির হোসেন ভূইয়া।

কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার সিনথিকে ছুরিকাঘাত করার খবর শুনেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে খোঁজ নেয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।