পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। কেননা, হতদরিদ্র মানুষের চাহিদা মোতাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গরিবের হক তাদের কাছে পৌঁছে দিতে কাজ করছে। আর দেশবাসী চাইলে আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। ‘জমি আছে, ঘর নেই’ প্রকল্পের অধীনে রাজশাহীর বাঘা উপজেলার সুবিধাভোগীদের মধ্যে ঘর বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে মনিগ্রাম ইউনিয়ন পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রকল্পের আওতায় বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৪০৮টি ঘর নির্মাণ করার কাজ হাতে নিয়েছে সরকার। প্রতিটি ঘর নির্মাণে এক লাখ হিসাবে মোট চার কোটি আট লাখ টাকা ব্যয়ে দুই মাসের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাঘা উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন মিল্টন প্রমুখ।





