নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনে নৌকার চূড়ান্ত মাঝি হলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির।

এর আগে এ আসনে আওয়ামী লীগের ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে প্রাথমিক মনোনয়ন দেয়া হয় ছোট মনিরকে। পরে মনোনয়ন জমা দেয়ার শেষদিনে বর্তমান এমপি খন্দকার আসাদুজ্জামনের পুত্র খন্দকার মশিউজ্জামান রোমেলকে মনোনয়নের চিঠি দেয় আওয়ামী লীগ।

ফলে তানভীর হাসান ছোট মনির ও খন্দকার মশিউজ্জামান রোমেল উভয়ই জেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন। এলাকায় চলতে থাকে উভয় প্রার্থীর গণসংযোগ, সমাবেশ ও পাল্টা সমাবেশ।

গতকাল শুক্রবার টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিকট আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে নৌকার চূড়ান্ত মনোনয়ন লাভ করেন তানভীর হাসান ছোট মনির।

চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর তানভীর হাসান ছোট মনির বলেন,‘নেত্রী নৌকা আমার হাতে তুলে দেননি, নৌকা তুলে দিয়েছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সর্বস্তরের জনগণের হাতে। জনগণকে সাথে নিয়ে বিজয়ী হয়ে এ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।’