আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে বি.এন.পি মনোনীত ও জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মো: জালাল উদ্দিন দেশের বতর্মান সার্বিক পরিস্থিতির কারনে মতলববাসীর নিকট ভিডিও বার্তার মাধ্যমে তার আবেদন জানিয়েছে। নির্বাচনে তিনি স্বশরীরে কোন প্রচারণা চালাতে পারেননি তাই তিনি ভিডিও বার্তার মাধ্যমে ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন।

তিনি বলেন আসসালামু আলাইকুম, প্রিয় মতলববাসী, ১৪ দিন যাবত আমার বাড়িতে আমি পুলিশ ও প্রশাসন দ্বারা অবরুদ্ধ। নির্বাচনে প্রার্থী হয়েও নির্বাচনী কার্যক্রম চালাতে পারছি না। প্রতিনিয়ত পুলিশ আমার ও চারপশের বাড়িতে হামলা করে। আমার বাড়িতে কেউ আসা যাওযা করলে তাকে গ্রেফতার করে। মোবাইল, টাকা রেখে থানায় সোপর্দ করে। থানা থেকে জেল হাজতে প্রেরণ করা হয়। আমি সম্পূর্ণ জনবিচ্ছিন্ন অবস্থায় আমার বাড়িতে আছি। শুধু তাই নয় পুরো নির্বাচনী এলাকার নেতাকর্মী, ভোটার ও সমর্থকদের গ্রেফতার করে অমানবিক নির্যাতন করে গ্রেফতার করছে। বাড়িতে হামলা করছে। কেউ বাড়িতে থাকতে পারে না, ঘরে থাকতে পারে না।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনে অভিযোগ দেয়ার পরও অবস্থার কোন উন্নতি হয়নি। এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

তাই তিনি অবরুদ্ধ অবস্থা থেকেই ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান। এই আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন অ্যাডভোকেট নুরুল আমীন রুহুল। বর্তমানে এই আসনের এমপি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।