কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের হাজীগঞ্জ পৌর এলাকার বিলওয়াই নামকস্থানে গতকাল শনিবার সকালে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম সামছুল হক (৫৫)। চাঁদপুর সদর উপজেলায় মুধুরোড গ্রামে তার বাড়ি।
আহতরা হলেন, সিএনজিচালক মো: ওয়াসিম (৪৫), যাত্রী ফাতেমা বেগম (৪০), শুকুর আলম (৪৫)। আহত ব্যক্তিদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী মাহাবুব আলম মজুমদার জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। খবর পেয়ে দমকল বাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নান বলেন, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাস পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।