ইসলামের নামে কোনো ভণ্ডের জায়গা বাংলার জমিনে হবে না। চরিত্রবান সোনার মানুষ গড়তে হলে আল্লাহর নির্দেশিত পন্থা অনুসরণ করতে হবে। সমাজকে শান্তিপূর্ণ করতে হলে কুরআনের শিক্ষার দিকে ফিরতে হবে। ইসলামের অপব্যাখ্যাকারীরা আমার রাসূলকে অবমাননা করে। তাদের স্থান বাংলার জমিনে হবে না। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দরগঞ্জে ঈদগাহ ময়দানে তিন দিনব্যাপী ৫৪তম আজিমুশ্বান ইছালে ছাওয়াব মাহফিলের সমাপনী দিবসের সভাপতির বক্তব্যে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব, আওলাদে রাসূল সা: আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের আল মাদানী এ সব কথা বলেন।
আওলাদে রাসূল সা: আল্লামা সাইয়্যেদ তাহের আহমদ জাবিরীর ৫৪তম আজিমুশশ্বান ইছালে ছাওয়াব মাহফিল গত ২৪, ২৫ ও ২৬ বৃহস্পতি, শুক্র ও শনিবার ৩ দিনব্যাপী মাহফিল লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দরগঞ্জে ঐতিহাসিক রচিম উদ্দিন তাহেরিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের খতিব, আওলাদে রাসূল সা: আল্লামা হযরত মাও: সাইয়্যেদ মো: আনোয়ার হোসাইন তাহের আল মাদানীর সভাপতিত্বে, সেক্রেটারি সাই্যয়েদ মুফতি তাহের জাবেরীর ব্যবস্থাপনায় ড. এ কে এম ফজলুল হকের পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল, রায়পুর পৌরসভা মেয়র হাজী মো: ইসমাইল খোকন, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম, লক্ষ্মীপুর জজকোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, চেয়ারম্যান শফিক পাঠান, শহিদুল্লাহ্ বিএসসি, সাবেক প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন প্রমুখ। তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম ড. মাও: মিজানুর রহমান আজহারী, মাও: কামরুল ইসলাম সাঈদ আনসারী, সাইয়্যেদ মাও: যায়েদ জাবেরী, ড. এ.কে.এম ফজলুল হক, মাও: সাই্যয়েদ মাহবুব জাবেরী, মাওলানা আব্দুল আজিজ মজুমদার, মাওলানা ইউসুফ জামাল, মাও: আমিন উল্যা, মাও: নোমান সালেহী, মাও: নাজমুস শাহাদাত শাহীন, মাওলানা আমানত উল্যাসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরামরা। গতকাল রোববার বাদ ফজর আখেরি মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।