জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয়ের মাদক তল্লাশির নামে স্বর্ণালঙ্কার ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দুপুরে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সাদা মাইক্রোবাসে সাতজন অজ্ঞাত ব্যক্তি ফেনসিডিল আছে বলে উপজেলার সালুয়া গ্রামের বিশনার ছেলে মিলন ও ভূষন চন্দ্রের ছেলে ওপেনের বাড়িতে তল্লাশি চালায়। বাড়িতে পুরুষ মানুষ না থাকায় মহিলারা তাদের পরিচয় জানতে চাইলে তারা ডিবি পুলিশের লোক পরিচয় দেয়। এ সময় তল্লাশির নামে তারা বাড়ির আসবাবপত্র, ট্র্যাং, অন্যান্য জিনিসপত্র তছনছ করে। এতে মহিলারা বাধা দিলে তাদের হ্যান্ডকাপ পরিয়ে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেয়া হয়। মিলনের বাড়িতে থাকা বিবাহিত মেয়ের এক ভরি ওজনের একটি স্বর্ণের হার ও ২০ হাজার টাকা এবং ওপেনের বাড়ি থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নিয়ে চলে যায় তারা।
পরে বিষয়টি জানাজানি হলে তারা স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করেন। এ বিষয়ে ইউপি সদস্য ফারায়েজ মণ্ডল বলেন, আমি বিষয়টি শুনেছি এবং ওসিকে বলেছি। ধরঞ্জী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, মাদকদ্রব্য অধিদফতর জয়পুরহাটের জাহাঙ্গীর নামের এক কর্মকর্তার নেতৃত্বে অভিযানের কথা স্বীকার করলেও তিনি কোনো কিছু নিয়ে আসেননি বলে তাকে জানিয়েছেন।





