চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে লাইসেন্সবিহীন অবৈধ রিকশা ও ভ্যানের বিরুদ্ধে ৫ মার্চ একযোগে সাঁড়াশি অভিযান শুরু করবে চট্টগ্রাম সিটি করপোরেশন। অভিযান চলাকালে জব্দকৃত লাইসেন্সবিহীন রিকশা ও ভ্যান থেকে নির্ধারিত ফি আদায়সাপেক্ষে স্পটে রিকশার লাইসেন্স, টোকেন ও প্লেইট এবং অনবায়নকৃত রিকশার লাইসেন্স ও স্পটে নবায়ন ব্যবস্থা থাকবে। নগরবাসীর যাতায়াতের সুবিধার্থে চসিক আরো ৩০ হাজার লাইসেন্স প্রদান করবে।
গতকাল সকালে করপোরেশনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪৩তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ তথ্য জানান।
সভায় চসিক প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: সামসুদ্দোহা, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামসহ করপোরেশনের পদস্থ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সাহেদ চৌধুরী।
সভাপতির বক্তব্যে সিটি মেয়র বলেন, চট্টগ্রাম মহানগর এলাকায় অবৈধ রিকশা ও ভ্যানের কারণে সৃষ্ট যানজট নগরবাসীর মধ্যে অসহনীয় হয়ে উঠেছে। একটি চক্র ভুয়া রিকশার লাইসেন্স প্রদান করে রমরমা ব্যবসায় চালিয়ে যাচ্ছে। নগরে যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে অবৈধ রিকশা ও ভ্যানের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা জরুরি। নচেৎ তাদের শৃঙ্খলায় আনা যাবে না। বর্তমানে নগরীতে প্রায় ৫৪ হাজার বৈধ রিকশা চলাচল করছে বলে তিনি উল্লেখ করেন।
জলাবদ্ধতা নিরসনে প্রায় ছয় হাজার কোটি টাকার একটি প্রকল্প রয়েছে, যা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের কথা উল্লেখ করে মেয়র বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে খালসহ ৩ ফুটের বেশি প্রশস্ততার নালা নর্দমা নির্মাণ ও পরিষ্কার করা এই প্রকল্পের অন্তর্ভুক্ত। তাই নগরীর ৪১টি ওয়ার্ডে ৩ ফুটের বেশি প্রশস্ত নালা নর্দমার তালিকা আগামী ১ সপ্তাহের মধ্যে চসিক বরাবরে জমাদানের জন্য ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের আহ্বান জানানো হয়েছে।





