কুমিল্লায় শিল্পী বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূর নাম শিল্পী বেগম। এদিকে ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় নিহত গৃহবধূর স্বামী সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, প্রায় ৩ মাস আগে জেলার বরুড়া উপজেলার দেওড়া গ্রামের অহিদুর রহমানের ছেলে মোঃ সুমনের সাথে সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত রফিক মিয়ার মেয়ে শিল্পী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে উভয়ের মাঝে দাম্পত্য কলহ চলে আসছিল। সোমবার গভীর রাতে উভয়ের মধ্যে ঝগড়ার একপর্যায়ে শিল্পীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় সুমন। সকালে নিহতের মা বাসায় গিয়ে মেয়ের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, মঙ্গলবার ভোরে সদর উপজেলার বালুতুপা এলাকা থেকে চোর সন্দেহে সুমনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে দৌলতপুর গ্রামে হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে যায় এবং সেখানে সুমনের ছবি দেখে নিশ্চিত হয়।

তিনি আরো বলেন, এ ঘটনায় নিহতের মা মিনু বেগম বাদী থানায় সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে সুমনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।