শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীসহ পাঁচজন প্রার্থী জামানত হারিয়েছেন। রোববারের এ নির্বাচনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

জামানত হারানো প্রার্থীরা হলেন আ’লীগ মনোনীত প্রার্থী আশরাফ হোসেন খোকা (নৌকা প্রতীকে ৮১১৪ ভোট), স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ সোহাগ (ঘোড়া প্রতীকে ৭৯৫০ ভোট), আব্দুল মতিন (দোয়াত কলম প্রতীকে ৩৬৮৯ ভোট), এরশেদুল আলম জর্জ (হেলিকপ্টার প্রতীকে ২৩৮) ও একেএম পারভেজ সরোয়ার আলম (কাপ-পিরিচ প্রতীকে ১২২ ভোট)।

এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এ.ডি.এম শহিদুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৩৩ হাজার ৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি শেরপুর জেলা ও শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সদস্য।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল আনারস প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪৭১ ভোট।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আকন্দ উড়োজাহাজ প্রতীকে ১৯ হাজার ৫৯৮ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা বেগম জলি সরকার কলসি প্রতীকে ৩৯ হাজার ৫১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আরো পড়ুন :
হোসেনপুরে আ’লীগের বহিষ্কৃত প্রার্থী হারালো নৌকার প্রার্থীকে
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের হোসেনপুরে নৌকার প্রার্থীকে পরাজিত করে আ’লীগের বহিষ্কৃত প্রার্থী মোহাম্মদ সোহেল বিজয়ী হয়েছেন।

রোববার অনুষ্ঠিত উপজেলা পরিষদের এ নির্বাচনে ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫৬টি কেন্দ্রের ফলাফলে তিনি আনারস প্রতীকে ৩১ হাজার ১৮৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব শাহজাহান পারভেজ পেয়েছে ২৩ হাজার ৭৯২ ভোট।

এছাড়া, ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে ৩৪ হাজার ৩৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন কবির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হোসেনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছ তালা প্রতীকে পেয়েছে ২৯ হাজার ৯৩৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রৌশনারা বেগম কলস প্রতীকে ৩৪ হাজার ১৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা সারোয়ার হাঁস প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ১০৮ ভোট।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মো: নাজমুল ইসলাম জানান, কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে এ উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে গড়ে ভোট পড়েছে ৪৮.৩২ শতাংশ। মোট ভোটার সংখ্যা ছিলো ১ লাখ ৩৫ হাজার ২৬৭ জন।


লোহাগড়ায় বড় ব্যবধানে স্বতন্ত্র প্রার্থীর জয়
ফরহাদ খান, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিকদার আব্দুল হান্নান রুনু (আনারস প্রতীক) বড় ব্যবধানে জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ৩৬ হাজার ৩১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে জেলা আওয়ামী লীগের সদস্য রাশিদুল বাসার ডলার পেয়েছেন ২১ হাজার ২৫৫ ভোট। এক্ষেত্রে ১৫ হাজার ৬২ ভোটে ডলারকে হারিয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুনু।

এ উপজেলায় পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বি এম কামাল হোসেন এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে ফারহানা ইয়াসমিন।

এদিকে নড়াইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ৪১ হাজার ৭১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান নিলু। বিদ্রোহী প্রার্থী নড়াইল পৌর যুবলীগের আহবায়ক বিপ্লব বিশ্বাস বিলো (স্বতন্ত্র) আনারস প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৪৩২ ভোট। এ উপজেলায় পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তোফায়েল মাহমুদ তুফান এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে ইসমত আরা।

অপরদিকে কালিয়া উপজেলাতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ। তিনি পেয়েছেন ৪২ হাজার ৮৪৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হারুনার রশিদ পেয়েছেন ২০ হাজার ৬১৪ ভোট। এক্ষেত্রে ২২ হাজার ২৩৫ ভোটে হারুনকে হারিয়েছেন কৃষ্ণপদ। এ উপজেলায় পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন-ইব্রাহিম শেখ ও নারী ভাইস-চেয়ারম্যান সোহেলী পারভীন নিরি।

রোববার ভোট শেষে রাত ১১টার দিকে নড়াইলের তিনটি উপজেলার ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।