ফেনীতে চব্বিশে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ২০ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

রোববার (৪ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতিসঙ্ঘের আন্তর্জাতিক শিশু তহবিল সংস্থা (ইউনিসেফ) এর পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানে চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া, জেলা ত্রাণ কর্মকর্তা মাহবুব আলম, ইউনিসেফ চট্টগ্রাম ফিল্ড অফিস প্রধান মাধুরি ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ২০ হাজার টাকা করে ২০ লাখ টাকা দেয়া হয়। এর মধ্যে সদর উপজেলায় ৪০, ফুলগাজী উপজেলায় ২০, পরশুরাম উপজেলায় ১৫ ও ছাগলনাইয়া উপজেলায় ২৫ পরিবার এ সহায়তা পেয়েছেন।

ইউনিসেফ জানায়, উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে পরিবারে গোল্ডেন সিটিজেন কার্ডসহ (সুবর্ণ কার্ড) প্রতিবন্ধী শিশু রয়েছে, দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবার, বন্যার কারণে বসতবাড়ির অবস্থা খুবই ক্ষতিগ্রস্ত, যে পরিবারের প্রধান মহিলা এবং যে সকল পরিবার ইতঃপূর্বে কোনো সহযোগিতা পায়নি এমন পরিবারকে অগ্রাধিকার দেয়া হয়েছে।