জনপ্রিয় ইসলামিক বক্তা ও মোফাসসির মুফতি আমির হামজা বলেছেন, ‘৯২ ভাগ মুসলমানের এ দেশকে আমরা কোরআনের শাসন দিয়ে নিরাপত্তা দিতে চাই।’

বুধবার (২১ মে) বিকেলে সখীপুর পিএম পাইলট মডেল গভ: স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী সখীপুর উপজেলা শাখা আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনার একপর্যায়ে তিনি এ কথা বলেন।

মুফতি আমির হামজা বলেন, ‘চীন, জাপান, রাশিয়া বা আমেরিকা এ দেশকে নিরাপত্তা দিতে পারবে না। তাদের নিজেদেরই তো নিরাপত্তা নেই। কোরআনের আইনের শাসনের মাধ্যমে এ দেশকে আমরা নিরাপত্তা দেব, সব ধরনের দুর্নীতি, অবিচার, অপশাসন ও জুলুম দূর করব।’

জামায়াত সখীপুর উপজেলা শাখার আমির অধ্যাপক আল আমীনের সভাপতিত্বে ও সখীপুর উপজেলা জামায়াত সেক্রেটারি মনির হোসেনের সঞ্চালনায় বাদ জোহর থেকে শুরু হওয়া এ তাফসির মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা আমির আহসান হাবীব মাসুদ।

মাহফিল উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান।

এছাড়াও এ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরে বাংলা নগর থানা, ঢাকা মহানগর উত্তরের আমির আব্দুল আউয়াল আযম ও বিশিষ্ট সমাজসেবক জাকারিয়া মোমেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আহসান হাবীব মাসুদ ইসলামী আন্দোলনে ত্যাগ ও কুরবানীর প্রয়োজনীয়তা এবং সাহাবীদের ত্যাগ সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা করেন।

এ সময় টাঙ্গাইল-৮ (সখীপুর বাসাইল)-এর জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান বলেন, ‘হত্যা, ধর্ষণ, গুম, চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান ঘটাতে ইসলামী শাসনের বিকল্প নেই।’

মাহফিলে আরো বক্তব্য দেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার এবং আব্দুল আউয়াল আজম ও হাফেজ মাওলানা বিল্লাল হোসেন প্রমুখ।