জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সম্প্রতি বয়ে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড়ে নওদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাংশ সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। এতে ব্যাহত হচ্ছে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। আসন্ন স্কুল পরীক্ষা অনুষ্ঠানে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সেই সাথে চিন্তিত হয়ে পড়েছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা।
গত ২ এপ্রিল দুপুরে আকস্মিক এক ঘূর্ণিঝড় উপজেলার বাগুয়ান, নওদা, গোপালপুর ও দানেজপুর এলাকায় আঘাত হানে। এতে গ্রামগুলোর প্রায় সহস্রাধিক বাড়িঘর, গাছপালা এবং নওদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাংশ সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপস্থিত বুদ্ধির কারণে বেঁচে যায় ভবনটিতে অধ্যয়নরত ৩০-৪০ শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বানু জানান, এলাকার প্রায় ২০০ শিক্ষার্থী বিদ্যালয়টিতে অধ্যয়ন করে। বিদ্যালয়টি টিনশেডের সেমিপাকা তিনটি ও ফ্যাসিলিটিজ বিভাগের দেয়া একটি ছোট কক্ষসহ তিনটি কক্ষবিশিষ্ট। কক্ষগুলোর মধ্যে একটি অফিস কক্ষ আর একটি কক্ষ খুবই ছোট। কিন্তু ঝড়ে সেমিপাকা ভবনটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হওয়ায় পাকা ভবনটির দু’টি কক্ষে পাঠদান অসম্ভব হয়ে পড়েছে।
আগামী ২৩ এপ্রিল থেকে বিদ্যালয়ে স্কুল পরীক্ষা অনুষ্ঠানের কথা রয়েছে। শ্রেণিকক্ষ ও আসবাবপত্র সঙ্কটের কারণে পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ের অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রধান শিক্ষক জানান, ঝড়ে বিধ্বস্ত ভবনে ছাত্রদের জন্য রাখা বই খাতা ব্যাগসহ অন্যান্য শিক্ষাউপকরণ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, জরুরিভিত্তিতে গত রোববার বইখাতা দেয়া হয়েছে। ঝড়ে বিদ্যালয়টির তিনটি শৌচাগার বিধ্বস্ত হওয়াতে শিশুরা শৌচাগার সমস্যায় পড়েছে। প্রধান শিক্ষক জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নুরুল আমিন, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং জরুরিভিত্তিতে মন্ত্রণালয় ও উপজেলা থেকে দু’টি কক্ষ নির্মাণ করে দেয়ার জন্য আশ্বাস প্রদান করেছেন।
পাঁচবিবিতে নওদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝড়ে বিধ্বস্ত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সম্প্রতি বয়ে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড়ে নওদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাংশ সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। এতে ব্যাহত হচ্ছে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। আসন্ন স্কুল পরীক্ষা...





