গতানুগতিক ধারার বাইরে এলেন সিলেটের গোয়াইনঘাট থানার ওসি আবদুল আহাদ। গত বৃহস্পতিবার দুপুরে তিনি একটি দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে হঠাৎ করেই হাজির হন জাফলং গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে গিয়ে তিনি অবতীর্ণ হন শিক্ষকের ভূমিকায়। একে একে তিনি প্রত্যেকটি শ্রেণিকক্ষ ঘুরে পাঠদান করান। ছাত্রছাত্রীরাও গভীর মনোযোগসহকারে তার কথা শুনে। বিদ্যালয়টি পরিদর্শন শেষে থানার ওসি আবদুল আহাদ ও ওসি (তদন্ত) হিল্লোল রায় শিক্ষার্থীদের স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন। সামাজিক অথবা পারিবারিক যেকোনো সমস্যায় তাদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। স্কুলে আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো ইভটিজিংয়ের শিকারসহ কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে বিষয়টি থানা পুলিশকে অবহিত করতে বলেন।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জুনাকি আক্তার, ভাবনা আক্তার, আলী মিয়াসহ ছাত্রছাত্রীরা বলেন, ‘ওসি স্যারের ক্লাস খুব ভালো লেগেছে। তার কাছ থেকে আমরা অনেক নতুন বিষয়ে জানলাম। স্যার বলেছেন, আমাদের ভালো মানুষ হতে হবে। এ সময় উপস্থিত ছিলেন গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি করিম মাহমুদ লিমন, সহসভাপতি আবদুল মান্নান, প্রধান শিক্ষক সোহেল আহমেদ, পিটিএ কমিটির সহভাপতি সবুজ আহমদ, সদস্য মোস্তফাসহ শিক্ষক-শিক্ষিকাকেরা।