গোয়াইনঘাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত শফিক মিয়াকে (২৭) আটক করেছে থানা পুলিশ। আটক শফিক মিয়া নয়াগাঙ্গেরপাড় গ্রামের আব্দুল করিম ওরফে গেদা মিয়ার ছেলে। নিহত শফিকের স্ত্রী মুন্নী আক্তার (২৩) উপজেলার লক্ষ্মণছড়া এলাকার মৃত ফজল করিমের মেয়ে।
গত শনিবার ভোরে উপজেলার নয়াগাঙ্গেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে নয়াগাঙ্গেরপাড় গ্রামের গেদা মিয়ার ছেলের সাথে একই উপজেলার লক্ষ্মণছড়া এলাকার ফজল করিমের মেয়ে মুন্নী আক্তারের বিয়ে হয়। তাদের তিন মাসের একটি শিশু সন্তান রয়েছে। এর আগেও শফিক আরেকটি বিয়ে করেছিল। কিন্তু নেশাগ্রস্ত হওয়ার কারণে আগের স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এরপরই মুন্নীকে বিয়ে করে শফিক। বিয়ের পর প্রতি রাতেই নেশা করে বাড়ি ফেরার কারণে স্বামী-স্ত্রীর মাঝে বিষয়টি নিয়ে প্রায়ই ঝগড়া হতো। সবশেষ গত শুক্রবার দিবাগত রাতে শফিক নেশা করে বাড়িতে ফিরে অকারণেই স্ত্রী মুন্নীর সাথে ঝগড়াঝাটি শুরু করে। ঝগড়ার একপর্যায়ে লাঠি দিয়ে স্ত্রী মুন্নীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক পেটাতে থাকে শফিক। যার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর আহত ভেবে মুন্নীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে সিএনজি চালিত একটি অটোরিকশায় করে স্ত্রীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে তামাবিলে আসার পর শফিককে আটক করে পুলিশ।





