জাফলং অচল পাথর কোয়ারি সচল করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন মোহাম্মদপুর মিতালী সবুজ সঙ্ঘের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, জাফলং ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদ, জাফলং পাথর ব্যবসায়ী সমিতি, পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতি, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতি, জাফলং ট্রাক মালিক সমিতি, জাফলং ট্রাক চালক সমিতি, জাফলং পাথর উত্তোলন ও সরবরাহকারী শ্রমিক বহুমুখী সমবায় সমিতি, জাফলং স্টোন ক্রাশার ম্যানেজার সমিতি, জাফলং বেলচা শ্রমিক সমিতি, বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, শ্রমিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অচল পাথর কোয়ারি সচল করার দাবিতে বিশাল এ মানববন্ধন প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
গত রোববার সকালে স্থানীয় মোহাম্মদপুর পয়েন্টে সামাজিক সংগঠন মোহাম্মদপুর মিতালী সবুজ সঙ্ঘের সভাপতি রুবেল আহমদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন নাজিমের পরিচালনায় মানববন্ধনে অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক-পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম খান, সহসভাপতি ইসমাইল আলী, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাসুক আহমেদ, পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক সিরাজ উদ্দিন, যুুুুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপু, জাফলং ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, শ্রমিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, জাফলং পাথর কোয়ারির সাথে অত্রাঞ্চলসহ দেশের কয়েক লক্ষাধিক মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। পাথর কোয়ারি বন্ধ থাকায় শ্রমিক-ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন, বেকার হয়ে পড়েছেন লাখ লাখ শ্রমিক, অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে পাথর কোয়ারি সংশ্লিষ্ট শ্রমিকরা। ব্যবসায়ী-শ্রমিকদের রুটি-রুজির একমাত্র পথ পাথর কোয়ারিগুলো খুলে দেয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে বক্তারা আরো বলেন, আগামী সাত দিনের মধ্যে অচল পাথর কোয়ারি সচল না করলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। তাই অনতিবিলম্বে শ্রমিকদের কথা বিবেচনা করে দ্রুত পাথর কোয়ারিগুলো খুলে দেয়ার আহ্বান জানান তারা।





