সিলেটের গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর-হাদারপার সড়কের খাইরাই নামক স্থানে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মায়ারুন নেছা (৫৬) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নের পেকের খাল গ্রামের মনির উদ্দিনের স্ত্রী। বর্তমানে তারা কোম্পানীগঞ্জ উপজেলার কামাল বস্তি গ্রামে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার কামাল বস্তি থেকে মায়ারুন নেছা ও মনির উদ্দিন গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের পেকের খাল গ্রামে তাদের মেয়ের বাড়ির উদ্দেশে রওয়ানা হন। হাদারপার বাজার থেকে তারা সিএনজি অটোরিকশায় উঠেন। হাদারপার-বঙ্গবীর সড়কের খাইরাই গ্রামের সামনে পৌঁছামাত্র বঙ্গবীর থেকে হাদারপারগামী একটি ট্রাক্টর মুখোমুখি অটোরিকশাটিকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই নিহত হন মায়ারুন নেছা। তার স্বামী মনির উদ্দিনও গুরুতর আহত হয়েছেন।
গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে উভয় গাড়ির চালকেরা পলাতক রয়েছেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল আহাদ বলেন, বঙ্গবীর-হাদারপার সড়কের খাইরাই গ্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ওমেক হাসপাতালে পাঠানো হয়েছে।











