দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর রোববার বিকেল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারো শুরু হয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি।
প্রথম দিনে ২৪টি ট্রাক পেঁয়াজ আমদানি হবে বলে ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে। বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত এ বন্দর দিয়ে ১৯টি ট্রাকে মোট ৪২৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
এসব পেঁয়াজ আমদানি হচ্ছে ভারতের মধ্যপ্রদেশ, গুজরাট, নাসিক থেকে। প্রতি মেট্রিক টন পেঁয়াজ আমদানি হচ্ছে ২৫০ থেকে ৩০০ মার্কিন ডলারে।
পেঁয়াজ আমদানিতে নতুন করে আইপি বা ইমপোর্ট পারমিট না পেলেও মার্চের আগে আইপি পাওয়া তিনজন আমদানিকারক এসব পেঁয়াজ আমদানি করছেন। তারা মোট ২ হাজার ৩০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে পারবেন।
ব্যবসায়ীদের অভিযোগ, গত ২ মার্চ ভারত সরকার পেঁয়াজ রফতানির অনুমতি দিলেও খামারবাড়ি উদ্ভিদ সংগনিরোধ শাখা থেকে আইপি বা ইমপোর্ট পারমিট না পাওয়ায় হিলি স্থলবন্দরের ১০ থেকে ১২ জন আমদানিকারক পেঁয়াজ আমদানি করতে পারছেন না। ফলে এখানো তেমন জমজমাট হয়ে উঠেনি হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানি।
অভ্যন্তরীন বাজারে পেঁয়াজ সংকট ও দাম বৃদ্ধির অজুহাতে গতবছরের ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রফতানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত।








