সিলেট নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১২৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
এসএমপি সূত্র জানিয়েছে, রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি ও মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার হওয়া আসামি রয়েছেন।
এদিকে মহানগর ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৫৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৬৭টি যানবাহন আটক করা হয়েছে।
অভিযানকালে ২০৫ পিস ইয়াবা, ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় আইপিএস, ভলভো ব্যাটারি ও বিভিন্ন কোম্পানির পুরাতন ব্যাটারি ও ৪৫০ পিস ভারতীয় স্কিন শাইন ক্রিম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।














