ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে গার্ড অব অনার প্রদান করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাসুকা বেগমের কবরে রাষ্ট্রীয় এই সম্মান জানায় বিমান বাহিনীর ১০ সদস্যের একটি প্রতিনিধিদল।

পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। এরপর মাসুকার পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানান।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মো: মশিউর রহমান বলেন, ‘ঢাকা একটি স্ট্র্যাটেজিক লোকেশন। এখানে আমাদের নিরাপত্তা নিশ্চিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ঢাকার আশপাশে জনবসতি অনেক বেড়ে গেছে, তাই আমাদের অনেক কিছু কম্প্রোমাইজ করেই ফ্লাইং করতে হয়।’

তিনি আরো বলেন, ‘স্বাধীনতার পর থেকেই ঢাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ চলমান রয়েছে। তবে এমন দুর্ঘটনা নিয়মিত ঘটে না। যে কোনো সময়, যে কোনোভাবে দুর্ঘটনা ঘটতে পারে।’