খুলনা-মংলা মহাসড়কের ফকিরহাটের কাটাখালি হাইওয়ে থানা এলাকায় ট্রাকের ধাক্কায় দিপ্ত দত্ত শুভ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।

মঙ্গলবার গভীর রাতে বাগেরহাট-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিপ্ত দত্ত শুভ ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের বারুইডাঙ্গা গ্রামের দিপক দত্তের ছেলে।

আহতরা হলেন হৃদয় (২২) ও টিপু সুলতান (২৫)। পরে আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাটাখালি হাইওয়ে থানার এসআই সাফুর আহমেদ জানান, মঙ্গলবার গভীর রাতে শুভসহ তিনজন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে কাটাখালি নামক স্থানে একটি ট্রাকের সাথে তাদের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শুভ দত্ত মারা যান এবং আহত হন হৃদয় ও টিপু সুলতান।