কুয়াকাটায় মকবুল হাওলাদার (৪০) ও জহিরুল ইসলাম খান (৩২) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার সন্ধ্যায় কুয়াকাটার অভিজাত আবাসিক হোটেল বনানী থেকে তাদেরকে আটক করা হয়। তারা দু’জনই বনানী হোটেলে চাকরি করেন।
আটককৃত মকবুল পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের মৃত ধলু হাওলাদারের ছেলে, জহিরুল খুলনা তেরখাদা উপজেলার ছাগলদা ইউনিয়নের ধানখালী গ্রামের বাচ্চু খানের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর শনিবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি মদসহ তাদের আটক করে। পরে তাদের মহিপুর থানায় সোপর্দ করা হয়েছে।
কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক ফরহাদ হোসেন জানান, মকবুল দীর্ঘ দিন ধরে কুয়াকাটার বিভিন্ন হোটেলে মদ সাপ্লাই দিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় বনানী হোটেলের কর্মচারী জহিরুল তার কাছ থেকে তিন বোতল বিদেশি মদ কিনতে যান। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ১২ বোতল বিদেশি মদসহ হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের রাতেই মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনার সত্যতার নিশ্চিত করে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, শনিবার রাত ১২টার দিকে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক ফরহাদ হোসেন মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ সময় ১২ বোতল মদসহ দুই কারবারিকে হস্তান্তর করেন।








