চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বাদি হয়ে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিসহ তার বাবা ও মামার বিরুদ্ধে কোটি টাকা আদায়ের জন্য মানহানির মামলা দায়ের করেছেন। গতকাল ঢাকা জজকোর্টে এ মামলা দায়ের করা হয়েছে। চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু এ মামলা দায়ের করে সাংবাদিকদেকর বলেনÑ ‘দীঘি, তার বাবা ও মামার বিরুদ্ধে এক কোটি টাকা আদায়ের জন্য মানহানির মামলা করেছি। আমার সম্মান তার (দীঘি) থেকে অনেক বেশি। পৃথিবীতে সিনেমার গল্প সবচেয়ে বেশি আমি লিখেছি। এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি চলচ্চিত্র আমি বানিয়েছি। আমার তো ১০ কোটি টাকাও কম হয়ে যায় বলে মনে করি।’ দীঘি পরিচালক ও প্রযোজকদের জন্য হুমকিস্বরূপ। বিষয়টি উল্লেখ করে এই নির্মাতা বলেন, ‘সিনেমার নায়িকাই যখন বলেছে সিনেমা চলবে না, তাহলে মানুষ কেন হলে যাবে? এত বড় সাহস! মুক্তির আগে চলবে না বললে তো সে (দীঘি) পরিচালক এবং প্রযোজকদের জন্য হুমকি। এটা কালচার হয়ে যাবে। অন্য নায়ক-নায়িকারাও বলবে।’ ‘তুমি আছো তুমি নেই’ নামে সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করেন আসিফ ইমরোজ ও প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমাটি আগামী ১২ মার্চ সারা দেশে মুক্তি পাবে। মুক্তিকে সামনে রেখে প্রকাশিত হয় পোস্টার, ট্রেইলার। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন নির্মাতা ও দীঘি। দর্শকদের সমালোচনার সাথে তাল মেলান নায়িকা দীঘিও। তারপরই মূলত এই পরিচালকের সাথে তার দ্বন্দ্ব তৈরি হয়। দীঘি শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেন। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলীওয়ালা’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। এরপর শিশুশিল্পী হিসেবে মোট ৩০টি সিনেমায় অভিনয় করেন তিনি। মাঝে দীর্ঘ বিরতি নিয়ে নায়িকা হিসেবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় অভিনয় করেন। সিনেমা দু’টি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধুর বায়োপিক এবং ‘শেষ চিঠি’ নামে একটি ওয়েব ফিল্মে কাজ করছেন দীঘি।
নির্মাতাকে সরি বলেছেন দীঘি
সাংস্কৃতিক প্রতিবেদক জানান, যদিও এর আগে এ ঘটনায় নির্মাতা ঝন্টুকে ‘সরি’ বলেছিলেন দীঘি। তার ভাষায়, ‘ঝন্টু আংকেল আমার ওপর কেন এত রাগ করেছেন, সেটা আমি জানি না। আমি এমন কোনো স্টেটমেন্ট বা মন্তব্য করিনি যে, উনি আমার নামে মামলা করতে চাইবেন। উনি আমার গুরুজন। আমার কাছে অনেক সম্মানের একজন মানুষ। আমি যদি কোনোভাবে, কোনো কথায় উনাকে দুঃখ দিয়ে থাকি তাহলে আমি তাকে ‘সরি’ বলছি।
শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিল দীঘির। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলীওয়ালা’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। শিশুশিল্পী হিসেবে মোট ৩০টি সিনেমায় অভিনয় করেছেন দীঘি। নায়িকা হিসেবে ফিরেছেন তিনি। অভিনয় করেছেন ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাতে। এ ছাড়া ‘বঙ্গবন্ধু’ বায়োপিক এবং ‘শেষ চিঠি’ ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে।