হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়িকা মির্জা ফারজানা ইয়াসমিন তমাসহ (তমা মির্জা) চারজনের বিরুদ্ধে তার স্বামী হিশাম চিশতীর করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারিত হয়েছে ১৪ এপ্রিল। গতকাল ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালতে তদন্তকারী কর্মকর্তা কোনো প্রতিবেদন দাখিল করেননি। সে জন্য আদালত মামলার নথি পর্যালোচনা করে ওই তারিখ ধার্য করেন।
তমা মির্জা ছাড়া মামলার অন্যান্য আসামি হলো- তমা মির্জার মা ফাতেমা বেগম, বাবা মির্জা আবু জাফর ও ভাই ওয়াসিম।
গত ৬ ডিসেম্বর তমাসহ চারজনের বিরুদ্ধে হিশাম চিশতী বাদি হয়ে মামলা করেন। এর আগে ৫ ডিসেম্বর রাত ৩টায় ঢাকার বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং যৌতুকের জন্য মারধরসহ হুমকি প্রদানের অভিযোগে স্বামী হিশাম চিশতীর বিরুদ্ধে তমা মির্জাও মামলা করেন।