বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। গতকাল ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলম শুনানি শেষে এ দুই মামলার চার্জ গঠন করেন। আনুষ্ঠানিকভাবে বিচারের জন্য আগামী ১ জুন সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ঢাকার গুলশান থানায় খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা করে সিআইডি। ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) খালেদ মাহমুদ ভূঁইয়ার গুলশানের বাসায় অভিযান চালায়। ওই বাসা থেকে ছয়টি দেশের মুদ্রা জব্দ করা হয়। এর মধ্যে সিঙ্গাপুরের ১০ হাজার ৫০ ডলার, থাইল্যান্ডের ১০ হাজার ৪৯০ বাথ, ভারতীয় সাড়ে তিন হাজার রুপি, সৌদি আরবের দুই হাজার ৩২১ রিয়াল, মালয়েশিয়ান ৬৫৬ রিঙ্গিত ও সংযুক্ত আরব আমিরাতের ৭৫ দিরহাম ছিল।





