সুনামগঞ্জের শাল্লায় হিন্দু পল্লীতে ঘর-বাড়িতে আগুন দেয়ার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে বলেন, হিন্দু পল্লীতে তাদের বাড়িতে হামলা ও বাড়িঘর ভাংচুরের ঘটনায় জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো: রাশেদ ইকবাল চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি মঙ্গলবার থেকে তদন্তের কাজ শুরু করবে।

তিনি আরো বলেন, তিন সদস্যের তদন্ত কমিটিতে জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো: রাশেদ ইকবাল চৌধুরী ছাড়াও রয়েছেন সাহেব আলী পাঠান অতিরিক্ত পুলিশ সুপার ও আবদুল মান্নান সিনিয়র সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয়।

উল্লেখ্য, দিরাইয়ে হেফাজতে ইসলামের শানে রেসালত সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতাসহ মামুনুল হক বক্তব্য রাখেন। পরে ১৬ মার্চ মঙ্গলবার ঝুমন দাশ আপন নামের এক হিন্দু যুবক মামুনুল হককে নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দিলে তা সাথে সাথে ভাইরাল হয়ে যায়। পরে বিক্ষোভের মুখে পুলিশ তাকে গ্রেফতার করে। ১৭ মার্চ বুধবার সকালে শাল্লার নয়াগাঁও হিন্দু পাড়ায় হামলার ঘটনা ঘটে। এই হামলার পেছনে স্বাধীন মেম্বারের উস্কানি কাজ করেছে বলে একটি ভিডিও বক্তব্যে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের লোকজন জানান। ঘটনার ৩০ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে হবিবপুর ইউপির চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল প্রথম মামলা করেন। এরপর রাতে পুলিশ আরেকটি মামলা দায়ের করে।

শনিবার (২০ মার্চ) রাত ৩টায় মামলার প্রধান আসামি স্বাধীন মেম্বারকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেফতার করে পিবিআই। এ ঘটনায় দুটি মামলায় মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।