করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় সাত দিনের বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। ৩ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়। এই সিদ্ধান্ত বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে বলবৎ হবে। কার্যকর থাকবে ৯ জুন রাত ১২টা পর্যন্ত।
জেলা প্রশাসক হারুন-উর-রশিদ এ লকডাউন ঘোষণা করেন। বুধবার দুপুরে নওগাঁ জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় কঠোর নিয়ন্ত্রণ আরোপের এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ সময়ের মধ্যে গণপরিবহন বন্ধসহ ১৫ দফা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। লকডাউনের সময় দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান, হোটেল ও রেস্তোরাঁ বন্ধ থাকবে।
জেলা প্রশাসক জানান, সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর ও সদর উপজেলায় করোনা সংক্রমণ বেড়েছে। সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য অধিদফতরের করা সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি বৈঠক হয়। বৈঠকে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর
উপজেলায় সাত দিনের সর্বাত্মক লকডাউন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি আরো জানান, লকডাউন ঘোষিত এলাকায় সব ধরনের জরুরি পরিসেবা ও পণ্যবাহী পরিবহন চালু থাকবে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা: এ বি এম আবু হানিফসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।








