সৌদি আরবে ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল ডেলিভারি দিয়ে বাসায় ফেরার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সাথে ধাক্কা খেয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার সৌদি সময় দিবাগত রাত ২টার দিকে সৌদি আরবের আল নেওয়াজ সড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম রিপন (২৯) নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের আতাউদ্দিন মাঝির বাড়ির আবু নাছেরের ছেলে।

রোববার সকাল ৯টার দিকে নিহতের বড় ভাই শাহজাহান শিপন ও চাচাতো ভাই মিনহাজ মাহমুদ তাপিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মিসরে আবার রেল দুর্ঘটনা, নিহত ১১

নিহতের বড় ভাই আরো জানান, সর্বশেষ তার ছোট ভাই পাঁচ বছর আগে সৌদি আরবে যান। তিনি সেখানে নিজের গাড়িতে করে বিভিন্ন পণ্য সরবরাহ করতেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে দোকানের মালামাল ডেলিভারি দিয়ে আল নেওয়াজ থেকে দামাম আসার পথে আল নেওয়াজ সড়কে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।