ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে আবদুল ওয়াহাব দাখিল মাদরাসা মার্কেটের একটি পরিত্যক্ত কক্ষ থেকে ১ হাজার ৮০ বোতল মাদকসহ মাহবুব আলম সরকার নামের এক হোমিওপ্যাথিক ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাহবুব আলম সরকার উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের মৃত সালাম ডাক্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সলিমগঞ্জ বাজারে হোমিওপ্যাথিক ব্যবসার আড়ালে অ্যালকোহল বিক্রি করে আসছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজিম সিকদার ফোর্সসহ রোববার রাতে অভিযান পরিচালনা করেন। এ সময় ১ হাজার ৮০ বোতল মাদকসহ মাহবুব আলম সরকারকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রশিদ বলেন, তার ড্রাগ লাইসেন্স নেই, হোমিওপ্যাথিক ব্যবসার আড়ালে অ্যালকোহল বিক্রি করে আসছিলেন এই চক্রটি। এ ঘটনায় চারজনের নামে মাদকদ্রব্য আইনে নবীনগর থানায় একটি মামলা দায়েরের পর আসামি মাহবুব আলম সরকারকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।








