কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সংস্কার কাজ করতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে মো: ফারুক (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার বেলা ১১টার দিকে হলের সংস্কারের রঙের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের।

নিহত শ্রমিকের বাড়ি কুমিল্লার দক্ষিণ বাগমারার পিরোজপুর গ্রামে। তার বাবার নাম মো: মোস্তফা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হলের পাঁচ তলায় রঙের কাজ করার জন্য দেয়াল পরিস্কার করছিলেন ফারুক। এ সময় একটি বাঁশে ঝুলে তিনি এ কাজ করছিলেন। কোনো নিরাপত্তা না থাকায় কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে ঠিকাদার সুরিয়া এন্টারপ্রাইজের মালিক ও কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড় কাউন্সিলর ফজল খান বলেন, ‘তারা তো এইসব কাজে পারদর্শী। সে জন্য তাদেরকে কাজ দেয়া হয়ছে, এমন না যে তার সাথের লোকজন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। আমরা শ্রমিকদেরকে নিরাপত্তা সরঞ্জাম নিয়ে কাজ করতে বলেছিলাম।’

তবে শ্রমিকরা জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা করেনি। ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা কাজ করতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের নির্বাহী প্রকৌশলী আবদুল লতিফ বলেন, আমরা সব সময় তাদেরকে তদারকি করতে পারি না। কাজের শুরুতেই তাদের সাথে শর্ত ছিল শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখন তারা কেনো নিরাপত্তা নিশ্চিত করেনি সে জন্য তাদের জবাবদিহি করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘দুর্ঘটনার পর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিরাপত্তার বিষয়ে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে সবসময় বলে এসেছি। এ ঘটনার দায়ভার তাদেরকে নিতে হবে। আমরা এ ব্যাপারে তাদের সাথে কথা বলেছি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে একজন শ্রমিক গুরুতর আহত হন। ২০১৯ সালের জানুয়ারিতে তিনতলা থেকে পড়ে একজন শ্রমিক মারা যান। এছাড়াও চলতি বছরের ফেব্রুয়ারির ২৫ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সম্প্রসারিত অংশের কাজ করতে গিয়ে আরেক শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটে।