নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, শিক্ষা ব্যবস্থায় ক্যাডেট মাদরাসাগুলো ছাড়া সমস্ত শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করুন। ক্যাডেট মাদরাসাগুলো রাজাকার ও হেফাজত সৃষ্টির কারখানা।

সোমবার সকাল ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বয়স্কদের জন্য পেনশন স্কীম চালু করার আহ্বান জানান।

কাদের মির্জা বলেন, আপনার চেহারায় প্রকাশিত হয় বীরত্ব, সততা, একনিষ্ঠতা ও মানুষের প্রতি মমত্ত্ববোধের। আর এরা দুর্নীতি করবে, অনিয়ম করবে। এই ক্ষমতা আপনার দরকার নাই। ফেয়ার নির্বাচন দেন, হেরে গেলেও কিছু না, এই কুকুরদের আর খাওয়াবেন না।

তিনি বলেন, আমার আপনার কাছে আবেদন, আপনি আপনার ইজ্জত নিয়ে বিদায় নেন, খালেদা জিয়ার মতো বিদায় নিয়েন না। আপনি আজীবন মানুষের স্মৃতিতে থাকবেন। এই চোরদের আর লালন করবেন না। খন্দকার মোস্তাকদেরকে আর লালন করবেন না।

কাদের মির্জা বলেন, বিচার পাই না আমাকে নয়বার হত্যার চেষ্টা করা হয়েছে। নেত্রী আপনি ছায়া দিচ্ছেন বলে বেঁচে আছি। যেখানে যাই আমাকে মানুষ বলে আপনি সাবধানে থাকবেন, আপনাকে মেরে ফেলবে। কথাগুলো আমাকে শুনতে হয়। কি অপরাধ করেছি আমি? সাহস করে আমি সত্য কথা বলেছি এটাই কি অপরাধ?

কাদের মির্জা আরো বলেন, বিরোধীদল ছাড়া বাংলাদেশে আজকে যে তাণ্ডব আ’লীগের কিছু সংখ্যক নেতাকর্মী করছে। তাতে আপনার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এদের লাগাম টেনে ধরতে হবে। আপনি যদি আমাকে নো বলেন আমি সেটা মাথা পেতে নিতে বাধ্য। আপনি নো বলার পরে এখানে একটা পটকাও ফুটবে না। আপনাকে নো বলতে হবে। আপনার ওবায়দুল কাদেরের মতো নেতার দিকে তাকিয়ে থাকলে চলবে না।

তিনি আরো বলেন, নেত্রী আজকে আপনি মায়া ভাইয়ের মতো লোককে বসিয়ে দিয়েছেন। আর তার ভাগিনারা এভাবে অত্যাচর করবে, তার স্ত্রী এভাবে অত্যাচার করেব। আপনি তাকে সহযোগিতা করবেন। এটা ঠিক না। আপনিতো অনেক আপন লোককে সরিয়ে দিয়েছেন। মন্ত্রীত্ব দেন নাই। এত বড় আপন লোক কোথা থেকে হলো। তিনি অপকর্ম করেও আজকে ক্ষমতায় থাকবে। আমি আর কিছু বলতে চাই না। আপনার ইচ্ছা। আপনি যেটা ভালো মনে করেন, কাকে কি রাখবেন। ছোট মুখে বড় কথা বলা ঠিক না। আপনি আমার এলাকাটা শান্ত করে দিন।